কনকা দুর্ঘটনায় কোনো শ্রমিক আহত হননি

৩ জানুয়ারি, ২০২১ ২১:৫৩  
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত কনকা ইলেকট্রনিক্স কারখানায় আগুনের ঘটনার সময় ২০০ থেকে ২৫০ কর্মী কারখানায় কাজ করলেও টিফিন ব্রেক থাকায় তারা আগেই কারখানার বাইরে বের হয়েছিল। ফলে কোনও শ্রমিক এই দুর্ঘটনায় আহত হননি। কেবল আতিকুর রহমান নামে একজন ইঞ্জিনিয়ার আগুন লাগার সময় ওপর থেকে লাফ দেওয়ায় আহত হন। তবে তিনি শঙ্কামুক্ত। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-সহকারী পরিচালক দেবাশীষ বর্মণ। তিনি জানান, , এ ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ওই কমিটিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। অপরদিকে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, কনকা ইলেকট্রনিক্সের চারতলার সমান উঁচু দ্বিতল ভবনটিতে সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ মালামালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।’